সারা গায়ে শত ক্ষত নিয়ে
ফটোফ্রেমে ঝুলছে ছবিটা
অঝর বৃষ্টির ছবি
উঠোন-জলে ন্যাংটো ছেলে
কাগজ নৌকো ভাসাচ্ছে ...
আজ সকাল থেকেই বৃষ্টি
মা হাপুস নয়নে দেখছেন ছবিটা
বৃষ্টি হলেই 'বারিষে'র বায়না –
মা, নৌকো বানিয়ে দাও ...
ওর জন্মের সন্ধ্যায়ও খুব বৃষ্টি ছিল
মেয়ে হলে নামই রাখতেন ‘বৃষ্টি’
মা ওর ঠোঁট টিপে দিতে গেলেই
ভাঙা কাচে আঙ্গুল আটকে যায়
ঝড়ঝড়িয়ে রক্ত ঝরে বারিষের মুখ বেয়ে ...
কেঁপে উঠেন মা ... ঘাম ঘাম শরীর
চিৎকার করে উঠেন ... ‘বারিষ’
অস্ফুট হলেও শব্দটা বেশ জোড়েই হয়
পাশের ঘরে ছেলে ঘুমে লুটুপুটি
হচকিয়ে উঠে ... ‘মা’
মা দৌড়ে চলে যান ছেলের ঘরে ...
অনেক অনেক -
চেষ্টায় একটা ভাল চাকরী জুটেছে ওর
আর ক’দিন - আগষ্টের পনেরোতে
ও বিদেশ যাবে ...



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন