দীর্ঘ সতের বছর ধরে রাত জেগে থাকি।
আমার বাবা মালিকানাধীন একটি
ডিস্পেন্সারীতে মাসিক বেতনে কাজ করেন।
যে কথাটি বলতে গিয়ে
আমি বহুবার মুখ চেপে ধরেছি
লজ্জ্বায়
যে কথাটি বন্ধু-পরিচিতজনের কাছে
লুকিয়েছি বহুবার
সেকথাটি আমি আবার বলছি-
" আমার বাবা মালিকানাধীন
একটি ডিস্পেন্সারীতে মাসিক বেতনে কাজ করেন "।
সবার বাবার মতো আমার বাবা কোনদিন
শ্রেষ্ঠ হতে পারেননি,
শ্রেষ্ঠ বাবা'রা খেলনা ভেংগে
গেলে নতুন খেলনা কিনে দ্যায়,
ছুটির দিনে পরিবারের সকলকে ঘুরতে
নিয়ে যায়।
আমার বাবা ঈদ আর গুরুতর অসুস্থ্য
না হলে ছুটি পেতেন না।
শ্রেষ্ঠ বাবাদের পকেটভর্তি টাকা
থাকে
রাস্তা দিয়ে হেটে গেলে সকলে সালাম
দ্যায়।
আমার বাবা শ্রেষ্ঠ হতে পারেননি,
আমার বাবা বহুবার শ্রষ্ঠা হয়েছেন।
পৃথিবীর সকল শ্রেষ্ঠ বাবা ও তাদের
সন্তানদের বলছি-
" আমার বাবা মালিকানাধীন
একটি ডিস্পেন্সারীতে মাসিক বেতনে কাজ করেন "।
শ্রেষ্ঠ বাবা'রা অনেক সৎ ও
চরিত্রবান হন
আমার বাবা'র সততা নিয়ে
প্রশ্ন আছে,
মা'র কাছে বাবা'র চরিত্রহীন গোপন ছবিগুলো দেখেছি।
আমাদের পরীক্ষার ফর্ম ফিলাপের সময়,
তিন মাস অন্তর অন্তর মা'র ট্রিটমেন্টের
সময়
বাবা ডিস্পেন্সারী থেকে ঔষোধ চুরি
করে
অন্যত্র বিক্রি করতেন।
আমার বাবা কোনদিন শ্রেষ্ঠ ছিলেননা
আমার বাবা বহুবার শ্রষ্ঠা হয়েছেন।
পৃথিবীর সকল শ্রেষ্ঠ বাবা ও তাদের
সন্তানদের বলছি-
" আমার বাবা মালিকানাধীন
একটি ডিস্পেন্সারীতে মাসিক বেতনে কাজ করেন "।
বাবা'কে কোনদিন কষ্ট
পেতে দেখিনি
বাবা কষ্ট পেলে বাংলা খেয়ে মা'কে বেধরম
পেটাতো
মা কষ্ট পেলে কাঁদতো।
বাবা বাড়ির বাইরে গেলেই
জেলমুক্তির আনন্দ পেতাম।
মনে মনে আনন্দ উৎসব করতাম এই ভেবে
যে,
কাজের চাপে বাবা আজ রাতে ঘরে
ফিরবেন না।
অথচ জানতাম না, বাবা আমাদের
পাশে না রেখে
কোনদিন পেট ভরে খেতে পারতেন না।
আমাদের বুকে না জড়িয়ে বাবা ঘুমাতে
পারতেন না।
আমি জানিনা, এভাবে কতশত
দিন তিনি খালি পেটে,
দোকানের সাটার নামিয়ে টেবিলের উপর
শুয়ে রাত কাটাতেন ।
দুরে কোথাও, বহুদুরে কোথাও
হয়তো বাবা আছেন
আমাকে দেখতে পান, প্রচন্ড রাত
জাগলে
বিকট আওয়াজ করে ধমক দিয়ে বলেন-
খোকা অনেক রাত হয়েছে এবার ঘুমাতে
যা।
আমার ঘুম আসেনা বাবা।
তোমার ইচ্ছে মতো আমি কিছুই হতে
পারিনি
না ডাক্তার, না ইঞ্জিনিয়ার,
না মানুষের মতো মানুষ
তোমার অনিচ্ছায় আমি আজো কবিতা
লিখি বাবা।
আমার বাবা কোনদিন আমার কাছে
শ্রেষ্ঠ হতে পারেননি
আমার বাবা আজীবন আমার কাছে
শ্রষ্ঠা হয়ে থাকবেন।
বাবা'কে ভালোবেসে
বলছি-
" আমার বাবা মালিকানাধীন
একটি ডিস্পেন্সারীতে মাসিক বেতনে কাজ করেন "।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন