এবার থেকে চায়ের কাপে গুলবো তোকে
নিত্যভোরে রোদের-অসুখ পানসে লিকার
ছাই পড়ে যাক বাড়া ভাতের সটান বুকে
গোল্লা পেলে গোল্লাছুট অঙ্ককষা তাম্রকোষে
হিসেব যদি নাইবা মেলে চোখের কোনে বালিয়াড়ি
সবই মিছে নেশার মত চোখ রেখে যা
ডুবতে চাওয়া সিসার-জলা ঘোরবর্ণ পানপাত্র।
অনেক দিনই রাস্তা জুড়ে লাল-বাতি
জুতোর তলায় মাইলফলক আটকে আছে
সময়-তার শঙ্কুদোলক মাকড়সা-জাল
সাদা রঙের কাদা আমি ভাবতেই পারি
তুই চলে আয় দেওয়াল ভেঙ্গে একই ছাতায়
পায়ে পায়ে অপেক্ষারাত দীর্ঘশ্বাস চোবাই জলে
আগুন বুক...শীতল মাটি শেষ তারা।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন