এমনটা হয় না সাধারণত কেওয়াপাড়ায়
আগে হতো, অনেক সল্পতাকে
দায়ী করা যায়
বিদ্যুৎ, প্রশস্থ পথ,
জন বাহুল্য, শিক্ষা- ইদানিং
শিক্ষাকে রাজনীতি বলা যায়, বণিকের ধন
উৎসমূল
অথবা রাজনীতি বণিকের হয়ে গেছে, বেনিয়াতন্ত্র।সে যাক্,
সল্পতা আরো থাকতে পারে, সময়ের সাথে
সাথে সল্পতা পাল্টে যায়
এমনটা হয় না সাধারণত কেওয়াপাড়ায়, আগে হতো
সিগারেট ফুরিয়ে গেলে হাঁটতে
হাঁটতে বেশ খানিকটা পথ এগিয়ে
একটা টং ছিলো- অগোছালো
মাটির চুলায় কয়লা পুড়িয়ে কেটলিতে
পানি ফুটাতো
কেয়ামত চাচা, অসুস্থ থাকলে
কুসুম, একমাত্র উত্তরাধিকারী;
নিকটবর্তী সরকারী প্রাথমিক
বিদ্যালয়ে যেতো
কুসুম পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিলো, পানি ফুটাতো
বাবার অবর্তমানে।
চাচা'র টং'টাই ছিলো একমাত্র ভরসা সিগারেট ফুরিয়ে গেলে
কিছু একটা মিলে যেতো, কখনোই
ভার্জিনিয়া ব্লেন্ড পা্ওয়া যায় নি;
এতো পূঁজি কই, খুঁজলেই হেসে
বলবে হয় কুসুম না হয়
তার একমাত্র আত্মীয় কেয়ামত চাচা; সত্যিই তো
পূঁজি কই?
কালো আলখেল্লার ভিতরে বাড়তে থাকে
পূঁজির বাজার
শুধু পূঁজি ছিলো না কুসুম আর
কেয়ামত চাচা'র, তারপরও পূঁজি ছিলো
স্বপ্ন, সেটিও অনেকবার
ভেসে বেড়িয়েছে কল্পনার হাওয়ায়। সে যাক
এমনটা হয় না সাধারণত কেওয়াপাড়ায়, আগের হিসাবে। সে যাক
ভয় জড়িয়ে এদিকেই আসছে একটি মেয়ে
কেউ কি হাতিয়ে নিলো?পুরুষের চোখ
দৃষ্টিভ্রমণ শেষে চোখে গিয়ে
স্থির হয়, তামাটে রং শরীরের
অন্য কোথাও বিশেষ কিছুই নেই শুধু
ভেজা ভেজা ক্রোধ, জলজ আকুতি;
এদিকে আসছে মেয়েটি কিন্তু এদিকেই
কেন আসতে হবে? দিক তো আরো আছে!
দশ দিক! অবশ্য সব দিকে মানুষ
যাবার নয়।
আসলে এই বোধটি এসেছে ভালো না লাগা
থেকে, কীভাবে লাগবে?
আকর্ষণ না থাকলে ভালো লাগে না-
মানুষ, জন্তু অথবা বস্তু যে কোনোকিছুই।
"চিনতে পারেন নি?"
ঠিক সামনে দাঁড়ানো অনাহূতের
প্রশ্ন অস্বস্থিতে ফেলে দেয়, চেনার কি কথা ছিল?
সবাইকে চেনা যায়?
"চিনতে পারছেন না কেন? কেউ চিনতে চায়
না এখন।"
কেন চিনতে হবে? এতো অভিমান
নিয়ে কেউ কখনো চেনাতে আসেনি।
অভিমান গাঢ় হলে জল তার ভাষা হয়ে
যায়,
সরল জলের ধারায় জানা গেছে
কেওয়াপাড়ায় এমনটা হয়নি আগে, পূঁজির জন্য
দু'শো টাকা ঋণ ছিলো তার উপর আরো
পৌনে তিন'শ,
মাসটা পেরুলেই সুদ বসবে
চক্রবৃদ্ধি হারে, মানুষ হলে বুঝে যেতো
বুঝেনি চুল্লীতে কয়লা পুড়ানো আগুন, টং'টা জ্বলে গেছে সব নিয়ে
মাস শেষ হতে চারদিন বাকি; কেয়ামত চাচা'র অন্তর্ধান মেনে নিতে পারেনি
সেজন্যেই কি বিদ্রোহ করলো কয়লা
পুড়ানো আগুন?
কিন্তু আগুন তো নিরাসক্ত; সে যাক
এবার বুঝা গেলো কেন চেনাতে এসেছে
কুসুম
শুধু বুঝতে পারেনি তখন পেছন পকেটে
থাকা বোকা ওয়ালেট।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন