--খন্দ যেমন থাকে খঞ্জের ফাঁদে
তোমার বিরহ সেইরূপ--
এই কথা লেখা হলে , বাগ্দেবী পিছনে তাকান ।
কিতাব ভীষণ ভারী , তার থেকে ই-বুকই ইঁদুর
আঙুলেই নেমে আসে সমান্তরাল অক্ষর ।
তোমার পাথেয় ছিলো ভুল পথ তাই আর মিছিলে হাঁটো না
ক্লেশ ছিলো রাজবেশ কুকুরের যেমন এঁটুলি
অন্যথার ঘোড়াগুলি ঘাস খেয়ে উধাও হয়েছে
আস্তাবলের ঝুল তুমি দ্বার তুমি দারোয়ান ।
সব পথে আলো থাকে এমনটি না হওয়ারই কথা
প্রেমিকার পাশে প্রেম এবং শরীর নিয়ে ব্যথা
মাতাপিতা রান্নার গ্যাস নিয়ে অধুনা পীড়িত
মোবাইলে কথা কমে , লাগে টাকা সেনবাবু মৃত ।
তোমাকে কবিতা বলে সে কোন তরুণী রাত জেগে
তুমি তার পাশে শুয়ে স্বমেহনে রত হতে চাও !
এভাবেই কাছে আর দূরে থাকা ঢেউবালি যায়
সবকিছু নশ্বর এই বোধ কান্না জাগায় ।
পিঁপড়ে সরণী থেকে কয়েকটি গান ভেসে আসে
কথাসুর পাল্টায় আবেদনে মোটামুটি এক
সেই জোলো ভ্যানতারা, ওগো তুমি কোথায় পালালে
একাডেমী কবিকুল বাংলাবাজারে ল্যাজ নাড়ে।


খুব ভালো।
উত্তরমুছুন