আনারকলি-কাট যে সালোয়ার নিয়ে
তুমি ট্রায়ালরুমের দিকে চলে গেলে
একটু আগে পর্যন্ত সেটা দিয়ে একটি ম্যানিকিন মেয়ে
রক্তহীন ঔদ্ধত্য ঢেকে রেখেছিলো
এখন সে কেমন বেয়াব্রু
এই নগ্নতা সাবালক এখন, এই অস্বস্তি কি অদ্ভুত এক পণ্য---
ভিজে হাওয়ায় সোঁদাচ্ছে শরীর
ক্রমশ সুরেলা হচ্ছে হর্ণও
ধুয়ে যাচ্ছ, ধুয়ে যাচ্ছে মেকাপ, এই বিবর্ণ
দেবীপক্ষ
অশ্রু আর উত্সবঔদাসীন্যের
দোলাচলে ভুগছে---
হে সিক্তবসনা! গড়িয়াহাটের মোড়ে উর্দ্ধবাহু অসহায়
ঈশ্বরকে অভিসম্পাত দাও,
তিনি তোমাকে বর দেবেন
সাশ্রু হওয়ার।
কাত্ হয়ে শুয়ে আছে নিরালম্ব
অথচ স্বপ্নে
লোকটার গান আছে, বিন্দাস লাইফ রয়েছে
খাওয়াদাওয়া যেখানে গিয়ে শেষ হয়, সেখানেই দীর্ঘ মাদুর
তৃপ্তির গন্ডী তো ফ্লোটার রেখার মতো পলায়নপর
তাকে ছুঁতে চেয়ে যে সকল একমুখি পদছাপ
গভীর সমুদ্রের দিকে গেছে
তাদের বিমর্ষতায় মোটে না বিরক্ত হয়ে
তাদের আত্মহননে যেন মুচকি হেসেছে ঐ মুখ
তৃতীয় পৃথিবী সব কাজ ফেলে ওর দিকে দ্যাখো!


ভালো অনুভব। ভালো চেষ্টা। কয়েক জায়গায় হোঁচট খেলাম। পাঠকের সীমাবদ্ধতাও হতে পারে।
উত্তরমুছুন